দিনাজপুরের চিরিরবন্দরে মোবাইল ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় নকল সরবরাহ করার দায়ে এক শিক্ষককে ৭ দিনের কারাদন্ড ও ২ ছাত্রকে বহিস্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা গেছে, রবিবার উচ্চতর গণিত পরীক্ষায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোবাইল ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় নকল সরবরাহ করার দায়ে আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের এক শিক্ষককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন এবং জরিমানা অনাদায়ে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা।
চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব সুভাষ চন্দ্র রায় বলেন, পরীক্ষা শুরুর ৫মিনিটের মাথায় দিনাজপুর শিক্ষাবোর্ডের পরিদর্শক দল একটি কক্ষে ৯৫২৭৫৭ রোল নম্বরধারী লাবিব হাসনাত সর্দার নামে এ জেড রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র, সনকৈড় আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়া এক ছাত্রের নিকট মোবাইল দেখতে পেলে তাকে বহিস্কার করা হয়। এরপর ওই মোবাইলের সুত্র ধরে ওই শিক্ষককে আমেনা বাকি স্কুল থেকে আটক করে থানায় সোপর্দ করা হয়। এছাড়াও একই পরীক্ষায় অন্য একটি কক্ষ থেকে নকল করার অভিযোগে ২৪৫৫৭০ রোল নম্বরধারী ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র ফলিমারী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়া হাফিজুল ইসলাম নামে আরেক ছাত্রকে বহিস্কার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা জানান, একটি চক্র মোবাইলে হোয়াটস গ্রুপ খুলে পরীক্ষার প্রথমদিন থেকেই সক্রিয় ছিল। অনেক চেষ্টা করেও তাদেরকে ধরতে পারা যাচ্ছিল না। অবশেষে সফলতা এসেছে। সহযোগিতাকারী ওই শিক্ষকের স্বীকারোক্তি মোতাবেক তাকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরিবন্দর (দিনাজপুর) 















