গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক গণেশ মহত (৩৫) নামে এক গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করেছে। দন্ডপ্রাপ্ত গণেশ মহত উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আরাজী যুগীর ঘোপা গ্রামের সুরুজ মহতের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দিনাজপুরের খানসামা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
জানা গেছে, গত ১৬ জুন সোমবার দিবাগত রাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাকেরহাটের বাইপাস সড়কে থানা পুলিশ অভিযান চালিয়ে গণেশ মহত (৩৫) কে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করে। পরে থানা পুলিশ আটক গণেশ মহতকে
খানসামা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক খানসামা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ২০০ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত গণেশ মহতকে গতকাল ১৭ জুন মঙ্গলবার দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















