গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির, জামায়াতের জেলা নায়েবে আমীর মো. মাজেদুর রহমান সরকার, থানা আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর আমীর মো. একরামুল হক, জাতীয় নাগরিক পার্টির উপজেলার যুগ্ম-সমন্বয়ক মো. আজিজুর রহমান, গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক নুর আলম মিয়া নুর, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেক হোসেন ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
পরে মেলায় অংশ নেয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও প্রতিষ্ঠানের উৎপাদিত দেশি ফল, ফলের চারা ও আধুনিক ফল চাষ প্রযুক্তি প্রদর্শন অতিথিগণ পরিদর্শন করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলেন, ‘দেশি ফল নিরাপদ। সে কারণে এ ফলগুলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। নিয়মিত দেশি ফল খাদ্যাভ্যাসের মাধ্যমে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে হবে। এতে কৃষকদের অর্থনৈতিক অবস্থারও উন্নয়ন হবে এবং দেশি ফল চাষাবাদে আগ্রহ বাড়বে। পুষ্টি নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় ফলদ বৃক্ষ রোপণের গুরুত্বও তুলে ধরেন তিনি তাঁর বক্তব্যে।’
তিনি আরও বলেন, ‘এ মেলা আগামী ২১ জুন পর্যন্ত চলবে। এছাড়াও মেলায় ফল চাষ বিষয়ক কৃষক সেমিনার, প্রশিক্ষণ ও প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা আছে।’
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















