কোনো দুর্ঘটনা ঘটলে রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর ছাত্রদের কাজ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দোষীরা শাস্তি পাবে। আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি চালকদেরও বলব, গাড়ি সতর্কভাবে চালাতে হবে।’
বুধবার (১ ডিসেম্বর) এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশু একাডেমি প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন এবং ধানমন্ডিতে জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি ছাত্রছাত্রীদের বলব, দুর্ঘটনায় ছাত্র যে মারা গেছে– সেটা দুঃখজনক।
তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিনের জন্য বন্ধ ছিল। শিক্ষাব্যবস্থা যাতে চালু রাখার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা করেছি। এখন সমস্ত স্কুল–কলেজ খুলে গেছে। সবাইকে এখন পড়াশোনা করতে হবে। তাদের স্কুলে ফিরে যেতে হবে।
তিনি আরও বলেন, ’রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা এটা ছাত্রদের কাজ না। এটা কেউ করবেন না দয়া করে যার যার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান। লেখাপড়া করেন। যারা দোষী অবশ্যই তাদের শাস্তি দেয়া হবে। তাদের খুঁজে বের করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সতর্ক এ ব্যাপারে। সুত্রঃ সিটি সিউজ ঢাকা
নিউজ ডেস্ক, জাগো২৪.নেট 

















