স্বাস্থ্য বিভাগের নির্দেশনানুযায়ী দিনাজপুরের খানসামায় অভিযান পরিচালনা করে মমতাজ ক্লিনিক সাময়িক বন্ধ এবং মমতাজ ক্লিনিকসহ ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাকেরহাটের এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, উপজেলার পাকেরহাট মমতাজ ক্লিনিক অনিবন্ধিত ও অব্যবস্থাপনায় পরিচালনা করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা ও লাইসেন্স না করা পর্যন্ত সাময়িক বন্ধ ঘোষণা, সেফ ওরাল ডেন্টাল কেয়ারে লাইসেন্স নবায়ন ও যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ব্যবস্থা না থাকায় ২ হাজার টাকা জরিমানা, মা ডায়াগনস্টিক সেন্টারে নিবন্ধনের কাগজপত্রে ত্রুটি ও টেকনোলজিস্টের কাগজ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ৪ হাজার টাকা জরিমানা এবং লাইফ কেয়ার ক্লিনিকের কাগজপত্রে ত্রুটি এবং বর্জ্য ব্যবস্থাপনায় সমস্যা থাকায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুলের নেতৃত্বে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় জুনিয়র কনসালটেন্ট ডা. রিজওয়ানুল কবির, মেডিকেল অফিসার মোস্তাসিম তাহমিদ, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান জাগো২৪.নেট-কে বলেন, নানা অনিয়ম পাওয়ায় মমতাজ ক্লিনিক অনির্দিষ্টিকালের জন্য বন্ধসহ জরিমানা ও ক্লিনিক ও ডায়াগনস্টিকদের জরিমানা করে সতর্ক করা হয়েছে। একই সাথে তাদের রেজিষ্ট্রেশন নবায়ন ও অন্যান্য কাগজপত্রের ত্রুটি থাকায় তা নবায়ন করার জন্য এক মাসের সময় দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে নবায়ন না করলে এগুলো বন্ধ করে দেয়া হবে।

মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















