দিনাজপুরের চিরিরবন্দরে কানে হেডফোন দিয়ে মুঠোফোনে ফ্রি-ফায়ার গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে হৃদয় বাবু (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের ভাদেরা গ্রামের জামতলী ১৩ নং রেলগেট সংলগ্ন রেললাইনে দুর্ঘটনাটি ঘটে।
হৃদয় ওই ইউনিয়নের আছিয়া নাজির রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সপ্তম শ্রেণিরছাত্র এবং সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের রাজারামপুর এলাকার মৃত বাবলু হোসেনের ছেলে। লেখাপড়ার সুবাদে হৃদয় ছোটবেলা থেকেই ভাদেরা গ্রামে তার নানা মজিবর রহমানের বাড়িতে বসবাস করে আসছিল।
রেলওয়ে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ৩ জুন শুক্রবার স্কুল বন্ধ থাকায় হৃদয় সকালে ঘুম থেকে উঠেই কানে হেডফোন দিয়ে তার মুঠোফোনে ফ্রি-ফায়ার গেম খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়ে যায়। একপর্যায়ে সে রেললাইনের ওপর গিয়ে বসে। ঠিক ওই সময় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চিরিরবন্দর থেকে ছেড়ে আসে। ট্রেনটি ওইস্থানে পৌঁছে একাধিকবার হর্ন দিলেও কানে হেডফোন থাকায় হৃদয় তা শুনতে পায়নি। ফলে সেই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দিনাজপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















