দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ভোট গণণা শেষে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত বেসরকারি ফলাফলে জানা গেছে, নৌকা প্রতীক প্রার্থী সফিউল আযম চৌধুরী লায়ন ৩৫ হাজার ৬৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বিতা স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্ আনারস প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৪৭২ ভোট। এ ছাড়াও অপর দুই প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম প্রধান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৪৫২ ভোট ও বীরমুক্তিযোদ্ধা আব্বাস আরেফিন শাহ্ হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২১৯ ভোট।
খানসামা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ৬টি ইউনিয়নে ৫২টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৮ হাজার ৫৬০ জন ও নারী ভোটার ৬৬ হাজার ৫২১ জন। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হাতেম ইন্তেকাল করলে এ আসনটি শুন্য হয়। ছবি আছে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















