গাইবান্ধার সাদুল্লাপুরে ঘাঘট নদে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কয়েকটি পাইপ ধ্বংস করা হয়। তবে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা (বাঁধের মাথা) গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তাইফুর রহমান।
জব্দ করা মেশিনটি হামিন্দপুর গ্রামের সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির। তিনি কয়েকদিন ধরে জামুডাঙ্গার আলমের বাড়িতে বালু ভরাট করছিলেন বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. তাইফুর রহমান জাগো২৪.নেট-কে জানান, ঘাঘট নদে মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে জড়িতরা মেশিনটি নদীতে ভাসিয়ে পালিয়ে যায়। পরে সেখানে থাকা কয়েকটি পাইপ ও ব্যবহৃত সরঞ্জামাদি ধ্বংস করা হয়। সেই সঙ্গে ভাসিয়ে দেয়া মেশিনটি ঘটনাস্থল থেকে পুর্ব দিকের জামুডাঙ্গা ব্রিজের কাছ থেকে জব্দ করা হয়েছে।
তিনি বলেন, কোথাও অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সুযোগ নেই। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















