গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিপক্ষ বাঁশের বেড়া দেওয়ায় ১৪ টি পরিবার যাতায়াত করতে না পেরে ৮ দিন থেকে অবরুদ্ধ অবস্থায় রয়েছে ঘটনাটি উপজেলার শ্রীপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের ডাক্তার পাড়ায় ঘটেছে।
ঘটনাস্থল সূত্রে জানা গেছে, বোয়ালী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোখলেছুর রহমানদের সাথে প্রতিবেশী মৃত মমতাজ আলীর ছেলে আকাব্বর আলী, মৃত ইসাহাক আলীর ছেলে নুরুন্নবী, রুহুল আমীনের ছেলে আসাদুজ্জামান গংদের দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল।
এই বিরোধের জের ধরে গত ২২ জুন প্রতিপক্ষ আকাব্বরগং রেকর্ডভূক্ত রাস্তার উপর বাঁশের বেড়া দিয়ে এই মোখলেছুর রহমানসহ ১৪ পরিবারের যাতায়াত পথ বন্ধ করে দেয়। সেইদিন থেকে এই পরিবারগুলো অবরুদ্ধ অবস্থায় বসবাস করছেন। এমনকি এই ১৪ পরিবারের ৬ জন কলেজ ৩ জন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৮ জনসহ মোট ১৭ জন শিক্ষার্থীও প্রতিষ্ঠানে যেতে পারছেনা বলে ভূক্তভোগিরা জানান।
তারা আরও জানান, এরআগে গত ফেব্রুয়ারি মাসে একইভাবে প্রতিপক্ষরা তাদের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছিল। সে সময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে বাঁশের বেড়া তুলে দিয়ে তাদের যাতায়াতের সুযোগ করে দেন এবং জমি-জমা নিয়ে কোন সমস্যা থাকলে স্থানীয়ভাবে শালিস বসে সমাধানের জন্য তাগিদ দেন। অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা কওে তাদের পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ইউপি সদস্য আনিছুর রহমান জানান, ওনারা দু’পক্ষ প্রতিবেশি। রাস্তা নিয়ে অনেকদিন থেকে ওনাদের বিবাদ চলছে। সবার জন্য সুবিধাজনক যাতায়াত রাস্তা বের করলেই সমস্যাটির সমাধান হয়। কিন্তু একপক্ষ মানলে অপরপক্ষ মানেনা।
ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম মুকুল জানান, এরআগে একবার বাঁশের বেড়া খুলে দেওয়ার পরে দু’পক্ষকেই স্থনীয়ভাবে বৈঠকে বসার আহবান জানানো হলেও কোন পক্ষই এগিয়ে আসেনি। তাই তাদের সমস্যার সমাধান হয়নি। তবে বাঁশের বেড়া দিয়ে যাতায়াত পথ বন্ধ করা অমানবিক।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল- মারুফ জানান, অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।

বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 

















