দিনাজপুরের চিরিরবন্দরে সিঁদ কেটে ভিতরে প্রবেশ করে চুরি করতে গিয়ে দোকানের মেঝের মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মতিয়ার রহমান (১৭) নামে এক সিঁদেল চোরের মৃত্যু হয়েছে। পুলিশ সিঁদেল চোর মতিয়ার রহমানের দুই সহযোগি মো. শামীম ও মো. সজীবকে আটক করেছে। এ ঘটনাটি গতকাল গভীররাতে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাটে শাহ আশফাকুর রহমানের দোকানে ঘটেছে। এ ঘটনায় নিহত মতিয়ার রহমানের ভাই মইনুল ইসলাম বাদী হয়ে ২ জনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা ও দোকান মালিক শাহ আশফাকুর রহমান বাদী হয়ে মৃত মতিয়ারসহ ৩ জনকে আসামী করে একটি চুরির চেষ্টার মামলা দায়ের করেছেন।
থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত ৮ জুলাই শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টা থেকে ভোর ৪টার মধ্যে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাটে শাহ আশফাকুর রহমানের রড সিমেন্ট ও টিনের দোকানের পিছনের দেয়াল কেটে সুড়ঙ্গ করে চুরি করতে গিয়ে দোকানের মেঝের মাটি চাপা পড়ে মতিয়ার রহমান মারা যায়। এসময় সঙ্গীয় সংঘবদ্ধ চোরেরা তাকে উদ্ধার করে দোকানের পাশে একটি টংঘরে রেখে পালিয়ে যায়। পরদিন অর্থাৎ গত ৯ জুলাই শনিবার সকালে ওই টংঘরে মতিয়ার রহমানের মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় মতিয়ার রহমানের দুই সহযোগি ফতেজংপুর ইউনিয়নের চকমানিক ডাঙ্গাপাড়ার আনোয়ার হোসেনের ছেলে মো. শামীম (১৯) ও একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. সজীব (১৮) কে আটক করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে মো. শামীম ও মো. শামীম নামে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা ও একটি চুরির চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















