দিনাজপুরের চিরিরবন্দরে নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ২০ ঘন্টাপর ভোলানাথ রায় (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনাটি মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সিঙ্গানগর গ্রামের কানারঘাটে ঘটে। নিহত ভোলানাথ রায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের পশ্চিম সাঁইতাড়া গ্রামের ভ‚পতি নাথ রায়ের ছেলে। বুধবার সকাল আনুমানিক সাড়ে ৭টায় ফিরিঙ্গিরঘাট থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সিঙ্গানগর গ্রামের চৌরঙ্গীবাজারের পশ্চিমপাশে নানা সাবেক ইউপি সদস্য গনপতি রায়ের বাড়িতে বেড়াতে আসে নাতী ভোলানাথ রায় (১২)। মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় ওই এলাকার কানারঘাটে ভোলানাথ রায় অন্যান্যদের সাথে আত্রাই নদীতে গোসল করতে নামে এবং নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও রংপুর থেকে আসা ডুবুরীদল ৬ ঘন্টাব্যাপি চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি ভোলার মরদেহ। সন্ধ্যা ঘনিয়ে আসায় উদ্ধার অভিযান বন্ধ করেন ডুবুরীদল।
স্থানীয়রা জানান, গতকাল ১৩ জুলাই বুধবার সকাল আনুমানিক সাড়ে ৭টায় কানারঘাটে নিখোঁজ হওয়া ভোলানাথ রায়ের মরদেহ অন্তত ২ কিলোমিটার দক্ষিণে ফিরিঙ্গিরঘাটে ভাসতে দেখে খবর দেয় নদীতে মাছ ধরতে যাওয়া একদল জেলে। খবর পেয়ে সেখান থেকে ভোলানাথ রায়ের মরদেহ উদ্ধার করা হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















