চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আপনি মানুষের চোখে ধুলো দিয়ে কতদিন টিকে থাকবেন। চট্টগ্রামে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। রক্তপাত হয়েছে। এটাকে মেনে নেওয়া যায় না। সেখানে জোর করে ইভিএম ব্যবহার করে একজন প্রার্থীর পক্ষে ভোট নিয়ে বিজয়ী ঘোষণা দেয়া হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গতকাল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রাম সিটিতে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তার এ বক্তব্যের কঠোর সমালোচনা করেন রিজভী।
রুহুল কবির রিজভী আরও বলেন, ক্ষমতার রুটির জন্য আওয়ামী লীগের নেতারা চোখ থাকতেও অন্ধ। আওয়ামী লীগের নেতারা চাটুকারদের প্রতি খুব বেশি সংবেদনশীল আর লোভ আছে অতি মাত্রায়। যে কারণে তারা চোখ থাকতেও অন্ধ হয়ে আছে শুধু ক্ষমতার রুটির ভাগের জন্য।
জাগো২৪.নেট ডেস্ক 















