গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেছেন, সমাজের অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। তাদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা স্বাভাবিক জীবনযাপনে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন।
বুধবার (৭ অক্টোবর) পলাশবাড়ীর বেতকাপা ইউনিয়নে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ডা. সাদিক বলেন, সমাজের কোনো মানুষ যেন প্রতিবন্ধকতার কারণে পিছিয়ে না থাকেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। মানবিক সহায়তার এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে প্রান্তিক মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস (বাফলা)-এর সহযোগিতায় এবং রাজনগর সমাজকল্যাণ মহিলা সমিতির আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভানেত্রী মোকাররেমা আহমেদ আইভি।
হুইলচেয়ার পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায়। দীর্ঘদিন ধরে চলাফেরায় সীমাবদ্ধ থাকা এসব মানুষের জন্য একটি হুইলচেয়ার শুধু চলাচলের উপকরণ নয়, বরং অন্যের সহযোগিতার ওপর নির্ভরশীলতা কিছুটা কমানোর সুযোগও তৈরি করে।
আয়োজকেরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দৈনন্দিন জীবনকে কিছুটা সহজ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে শারীরিকভাবে চলাচলে অক্ষম মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে তারা পরিবারের পাশাপাশি সমাজের বিভিন্ন কর্মকাণ্ডেও আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 




















