মো. শাহজাহান সাজু: প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে লালমনিরহাটজুড়ে এখন উৎসাহ-উদ্দীপনা ও নতুন প্রত্যাশার আমেজ। দীর্ঘদিনের বঞ্চনা ঘুচিয়ে জেলার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের আশায় বুক বেঁধেছেন এ অঞ্চলের মানুষ। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক তৎপরতা।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলার রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। তবে এ সফর কেবল একজন সরকারপ্রধানের আনুষ্ঠানিক আগমন নয়; এর সঙ্গে জড়িয়ে আছে জেলার অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক পরিবর্তন এবং দীর্ঘদিনের নাগরিক সমস্যার সমাধানের প্রত্যাশা।
সফরে প্রধানমন্ত্রী ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম সরাসরি পরিদর্শন করবেন। পাশাপাশি প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ মহেন্দ্রনগর মডেল খাল খননকাজের উদ্বোধনের কথা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এ তথ্য জানিয়েছেন।
এ দুটি উদ্যোগকে ঘিরেই প্রধানমন্ত্রীর সফর পেয়েছে ভিন্ন মাত্রা। একদিকে মাদক, জুয়া, ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ; অন্যদিকে খাল খননের মাধ্যমে কৃষি, সেচ, পানি নিষ্কাশন ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা।
এদিকে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো প্রস্তুতিমূলক কার্যক্রম চালাচ্ছে। সম্ভাব্য কর্মসূচির স্থানগুলো পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতকরণ ও বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের কাজ চলছে।
লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে বিপুল জনসমাগম, প্রধানমন্ত্রীর সম্ভাব্য পরিদর্শনস্থল এবং এর আশপাশের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে আমরা কাজ করছি।’
গত ১২ নভেম্বর মহেন্দ্রনগর মডেল খাল পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফর ঘিরে প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং নাগরিক ভোগান্তি এড়ানো। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে জেলার উন্নয়ন সম্ভাবনা ও দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান বলেন, ‘আলোকিত লালমনিরহাটের মতো সামাজিক আন্দোলন সফল করা গেলে এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা সবাই মিলে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। সফর সফল করতে সাংগঠনিক তৎপরতা, প্রচার-প্রচারণা ও বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তাঁরা। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল, সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
জেলার প্রতিটি উপজেলায় ত্রাণমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু ‘আলোকিত লালমনিরহাট’ উদ্যোগের বিভিন্ন কমিটির সঙ্গে সভা করেছেন। দলীয় নেতাকর্মীদের কাছে এ সফর শুধু দলের শীর্ষ নেতার আগমন নয়; বরং জেলার উন্নয়ন, স্থানীয় মানুষের দাবি-দাওয়া এবং দীর্ঘদিনের সমস্যাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
এ বিষয়ে লালমনিরহাট পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন বলেন, ‘দেশের অনেক গুরুত্বপূর্ণ জেলা থাকা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জেলায় আসছেন, এটি আমাদের, আমাদের দলের এবং সর্বোপরি এ অঞ্চলের মানুষের জন্য আনন্দের বিষয়। এ অঞ্চলের মানুষের প্রত্যাশা, তিস্তা মহাপরিকল্পনা, বুড়িমারী স্থলবন্দরের যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং বিমানবন্দরকেন্দ্রিক উন্নয়নের বিষয়গুলো প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। আমরা লালমনিরহাটবাসী অধীর আগ্রহে তাঁর আগমনের অপেক্ষায় আছি।’
মহেন্দ্রনগর মডেল খাল ঘিরে কৃষিতে সম্ভাবনা
প্রধানমন্ত্রীর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি মহেন্দ্রনগর মডেল খাল খনন প্রকল্পের উদ্বোধন। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এ খাল মহেন্দ্রনগর থেকে শুরু হয়ে তিস্তা নদীতে গিয়ে মিলবে। খালটি পুনঃখনন করা হলে পানি নিষ্কাশন, পানি সংরক্ষণ ও কৃষিকাজে সেচ সুবিধা বাড়ার সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি খালের দুই পাড়ে বৃক্ষরোপণ, মাছ চাষ ও হাঁস পালনের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের সমন্বয়ে খালটিকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের ১৭টি জেলায় এ ধরনের মডেল খাল খননের উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
খালটির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য হতদরিদ্র ২০ জনকে নিয়ে একটি সমবায় সমিতি গঠনের পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে স্থানীয় দরিদ্র মানুষের কর্মসংস্থানের পাশাপাশি খালের দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী।
তিস্তা নদী ও এর শাখা-প্রশাখানির্ভর এ অঞ্চলের মানুষের কাছে খালটির গুরুত্ব শুধু একটি অবকাঠামো প্রকল্পে সীমাবদ্ধ নয়। বর্ষায় জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে পানির সংকট এবং কৃষি উৎপাদনের অনিশ্চয়তা মোকাবিলায় এটি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আশা করছেন স্থানীয়রা।
তবে প্রকল্পের সুফল পেতে খালের নাব্যতা বজায় রাখা, নিয়মিত পরিচর্যা, অবৈধ দখল ও দূষণ প্রতিরোধ এবং পানি ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর ঘিরে প্রত্যাশা
প্রধানমন্ত্রীর সফরসূচিতে রয়েছে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি পরিদর্শন। উত্তরাঞ্চলে উচ্চশিক্ষা, প্রযুক্তি, বিমান ও মহাকাশবিষয়ক গবেষণার সম্ভাবনা তৈরিতে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ পরিদর্শনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, গবেষণা সুবিধা এবং পূর্ণাঙ্গ একাডেমিক কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে নতুন গুরুত্ব পাবে। একই সঙ্গে লালমনিরহাট বিমানবন্দরকে ঘিরে দীর্ঘদিনের সম্ভাবনাগুলো কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে বলেও আশা করছেন তাঁরা।
উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধান চান মানুষ
লালমনিরহাটের সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রীর এ সফর নতুন করে আশা জাগিয়েছে। তাঁদের প্রত্যাশা, সফরের মধ্য দিয়ে জেলার দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনাগুলো সরকারপ্রধানের নজরে আসবে।
বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর অগ্রগতি, নদীভাঙন রোধে স্থায়ী উদ্যোগ, বন্ধ হয়ে থাকা শিল্পকারখানা চালু, কৃষিভিত্তিক শিল্পের বিকাশ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির দাবি রয়েছে তাঁদের।
এ ছাড়া লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসক সংকট নিরসন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নও স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি।
সচেতন নাগরিকদের প্রত্যাশা, এসব সমস্যা শুধু আলোচনায় সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ও সময়সীমাভিত্তিক উদ্যোগ নেওয়া হবে।
অন্যদিকে প্রধানমন্ত্রীর সফরের তাৎপর্যপূর্ণ দিকগুলোর একটি হচ্ছে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলন। মাদক, জুয়া, ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করার লক্ষ্য নিয়ে গড়ে ওঠা এ উদ্যোগকে একটি বৃহৎ সামাজিক আন্দোলনে পরিণত করার প্রত্যাশা রয়েছে।
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রশাসনের প্রস্তুতি, বিএনপির নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা এবং সাধারণ মানুষের নানা প্রত্যাশায় ১৯ নভেম্বর লালমনিরহাটের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন হতে যাচ্ছে। জেলার মানুষের প্রত্যাশা, এ সফর যেন কেবল এক দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে; বরং দীর্ঘদিনের বঞ্চনা দূর করে উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের নতুন যাত্রার সূচনা করে।
মোঃ শাহজাহান সাজু. করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 






















