দিনাজপুরের খানসামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে হামিম (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামের বান ভাসিপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। নিহত হামিম ওই গ্রামের মো. মুছা ইসলামের ছেলে ও দ্বিতীয় শ্রেণিরছাত্র।
এলাকাবাসি ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, হামিমসহ কয়েকজন শিশু বৃষ্টির পানিতে ভিজতে ছিল। পানিতে ভেজার সময় হামিম পা পিছলে পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এ সময় অন্যান্য শিশুরা চিৎকার করলে, পরিবারের লোকজন ঘটরাস্থলে এসে হামিমকে
উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হামিমকে মৃত বলে ঘোষণা করেন।
খানসামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় ঘটনার নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। সকলে সন্তানদের নজরে রাখবেন, পানিতে ডুবে মৃত্যু রোধে সতর্কতা অবলম্বন করবেন।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিনের নির্দেশনায় শোক সন্তপ্ত পরিবারকে দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষ হতে নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুশীতল গোবিন্দ দেব।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















