মানবতাবিরোধী অপরাধে আমৃত্য সাঁজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে বহিষ্কার করেছে লালমনিরহাট জেলা ছাত্রলীগ। একই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ এ সংক্রান্ত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তি নিজের ফেসবুকে পোস্ট করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ, লালমনিরহাট জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃতরা হলেন, কালীগঞ্জের চলবলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম সুমন, হাতিবান্ধার গড্ডিমারী ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান ভূঁইয়া, হাতিবান্ধার গোতামারী ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক মোনাবেরুল হক মিশেল, কালীগঞ্জের উত্তরণ ডিগ্রী কলেজের মামুনুর রশিদ লিওন খান, হাতিবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক আল- আমিন হোসেন সাগর, সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের সহ সভাপতি আমিনুল ইসলাম রানা, একই ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবিন, লালমনিরহাট পৌর শাখার ৪ নং ওয়ার্ড সহ-সভাপতি শ্রাবন হোসেন, মোগলহাট ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহিম ইসলাম, লালমনিরহাট পৌর শাখার সদস্য ঈসমাইল হোসেন আদর, পাটগ্রামের জোংড়া ইউনিয়নের সদস্য সহিদ ও পাটগ্রাম পৌর শাখার ৭ নং ওয়ার্ড সদস্য ইবনে রুসদ।
একই সাথে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ পাঠানো হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সাধারণ সম্পাদক আরিফ ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ১২ জন নেতাকর্মীর বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















