২৪ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র নামের একটি সংগঠন। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারকদের শাস্তির দাবি করা হয়।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১১ টার দিকে সংগঠনটির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা শহরের ১নং রেলগেট নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনের সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা, কলি রানী, শিল্পী আকতার প্রমুখ।
বক্তারা বলেন ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে একদল পুলিশ পৈশাচিকভাবে গণধর্ষণ করে হত্যা করে। প্রতিরোধ গড়ে ওঠে দিনাজপুরসহ সারাদেশে। আন্দোলন সংগ্রামে পুলিশের গুলিতে অনেকে শহীদী মৃত্যু বরণ করে এবং হত্যাকারীদের ফাঁসি হয়। শহীদদের স্মরণ ও সেই চেতনাকে ধারণ করে সেদিন সম্মিলিত নারী সমাজ এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ হিসাবে ঘোষণার দাবি জানান।
আরও বলেন গাইবান্ধা সদর উপজেলার হত দরিদ্র মানুষেরা আজ অসহায় মানবেতর জীবন যাপন করছে। তাদের কাছ থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া সদর উপজেলা পরিষদের পিয়ন নুরু- মুক্তি প্রতারকদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আাসামি নুরুল ইসলাম নুরুকে গ্রেফতার এবং টাকা উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবী জানান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















