গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যাসোনাতলা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিতে গিয়ে ছায়দার রহমান (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ছায়দার আলী ওই উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বুধবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কচুয়া ইউনিয়নের উল্যাসোনাতলা বাজার এলাকায় খাদ্যবান্ধব কর্র্মসূচির চাল বিতরণ করা হচ্ছিল। এসময় ছায়দার রহমান ওই কর্মসূচির চাল নিতে যায়। এরই মধ্যে এক চাল ব্যবসায়ীর সঙ্গে ওই বৃদ্ধের চাল বিক্রি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধস্তাধস্তি হলে বৃদ্ধ মাটিতে লুটেপড়ে। পরে তাকে উদ্ধার করে ভ্যানযোগে সবুজ বাংলা হাসাপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ছায়দার রহমান মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, আজ দুপুরে ছায়দার রহমান নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















