গাইবান্ধার বিভিন্ন থানায় মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১৫ বোতল ফেনসিডিল, ১২০ পিস ইয়াবা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাটের আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি (শংকরটারী) গ্রামের আলাউদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩২), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ গ্রামের রবিউল ইসলামের ছেলে মাইদুল ইসলাম (৩৪) ও গোবিন্দগঞ্জ উপজেলার দশলাল গ্রামের আবু তাহের মিয়ার ছেলে তৌহিদুল ইসলাম (৪২)।
পুলিশ জানায়, রোববার (৩ সেপ্টেম্বর) বিভিন্ন সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এতে পলাশবাড়ী পৌরসভার বাঁশকাটা এলাকার ব্র্যাক মোড়ের পূর্বপাশে রংপুর-ঢাকা মহাসড়কের একটি যাত্রীবাহী তল্লাশি করে আশরাফুল ইসলামের কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটির শোভাগঞ্জ ব্রিজের পূর্বপাশে মাদক বিক্রির অবস্থানকালে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে, গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের শিহিগাঁও চৌরাস্তার দশলালগামী পাকা রাস্তার ওপর থেকে তৌহিদুল ইসলামের কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এই আসামিদের আদালতে সোপর্দ করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















