গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দফায় দফায় চলা এ সংঘর্ষের খবর পেয়ে থানার একদল পুলিশ এসে সংঘর্ষ থামাতে চেষ্টা চালায়। পরে গাইবান্ধার থেকে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
স্থানীয়রা জানান, গত শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলার মহিমাগঞ্জ বন্দররে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গোপালপুর ও জিরাই গ্রামের কয়েকজন যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এসময় মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের একজন সদস্য বিরোধ মিমাংসার জন্য সেখানে এগিয়ে গেলে তাকে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে।
এরই জের ধরে আজ রোববার সকাল ১০ টার দিকে জিরাই ও গোপালপুর গ্রামের কয়েকশ মানুষ লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মহিমাগঞ্জ বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। রেলপথ পাথর ও ইটের টুকরা দিয়ে উভয় দিক থেকে বৃষ্টির মতো ঢিল ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় উভয় পক্ষে ১০-১২ জন মাথায় আঘাত পেয়ে আহত হয়।
উভয়পক্ষের আহতরা হলেন- আবুল কালাম (৩৫), ফেরদৌস (২০), জোহা (৫৫) ও রানা (৩২) এবং জিরাই গ্রামের সজিব (২০), মিঠু (৩০), ইসরাইল (৩৫) ও হানিফ (২০)। এছাড়া অপর আহতদের নাম জানা জায়নি।
এ ঘটনায় আজ দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া, গাইবান্ধা সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম গাইবান্ধা জেলা চাউল কল শিল্পপতি আলহাজ্ব নাজির হোসেন প্রধান, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, সাবেক চেয়ারম্যান রুবেল আমিন শিমুল,মহিমাগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উভয় গ্রামের লোকজনের সাথে পৃথক পৃথক বৈঠক করে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 




















