গাইবান্ধার গোবিন্দগঞ্জের কৃষক আব্দুল আজিজ মন্ডল আবাদ করছিলেন রোপা আমন ধান। এ ফসল ঘরে তুলে পরিবারের মৌলিক চাহিদা পূরণের স্বপ্ন দেখছিলেন তিনি। এরই মধ্যে বিষ প্রয়োগে এই ক্ষেত পুড়ে দিয়েছে শত্রুরা।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে নষ্ট করা ওই ধানের জমিতে অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ক্ষতিগ্রস্ত কৃষক আজিজকে। এ ঘটনায় থানা অভিযোগ দায়ের করেছেন বলে জানালেন এই কৃষক।
জানা গেছে, উপজেলার বিশুলিয়া কাঁটাবাড়ী গ্রামের মৃত বেলায়াত আলী মন্ডলের ছেলে আব্দুল আজিজ মন্ডল তার পৈতৃক ৩৯ শতক জমিতে রোপা আমন ধানের আবাদ করেছেন। এ ধানই আজিজ মন্ডলের একমাত্র আয়ের উৎস। এদিকে একই গ্রামে তার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে একদল শত্রু ৩৯ শতক জমির আড়াই ফুট উচ্চতা ধান ক্ষেতে স্প্রে করে বিষ প্রয়োগ করে। এতে তার প্রায় ৮৫ হাজার টাকা ক্ষতি হয়।
এ তথ্য নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল আজিজ মন্ডল বলেন, অনেক স্বপ্ন নিয়ে ধানের আবাদ করছিলাম। সেই আবাদ টুকু শত্রুরা বিষ প্রয়োগে নষ্ট করে ফেলেছে। এর সঠিক বিচার দাবি করছি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম বলেন, আজিজ মন্ডলের ধান ক্ষেত নষ্টের ঘটনায় অভিযোগ পেয়েছি। সেটি তদন্তাধীন রয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 




















