গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গরুর এলএসডি ও ছাগল-ভেড়ার পিপিআর ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করা হয়েছে। প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে উপজেলার ১১ ইউনিয়নে ১ হাজার গরু ও ৭০ হাজার ছাগল-ভেড়ায় ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছে সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।
এরই অংশ হিসেবে সোমবার দিনব্যাপী উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর বিইউ উচ্চ বিদ্যালয় মাঠে গবাদীপশুর ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এতে প্রায় ৫ শতাধিক গরু-ছাগল-ভেড়ায় ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোছা. সুমনা আক্তার, ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল্লাহেল কাফী, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোনায়েম খন্দকার, এলইও মোস্তাকিম বিল্লাহ, হেলথ ফ্যাসিলেটর জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ভ্যাকসিনেটর জাফর আলী খন্দকার, ইউপি সদস্য আমজাদ হোসেন প্রমুখ।
সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোছা. সুমনা আক্তার বলেন, এলএসডি ও পিপিআর এটি ভাইরাস সংক্রমণ গবাদীপশুর রোগ। এসব সংক্রমণ প্রতিরোধে আমরা সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং, জনপ্রতিনিধিদের অবহিতকরণ ও ভ্যাকসিন প্রয়োগ অব্যাহত রেখেছি।
শামীম সরদার, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 




















