গাইবান্ধার সাঘাটায় উপজেলায় অটোভ্যানের সঙ্গে ছাগলের ধাক্কা লাগার ঘটনায় মজিবর রহমান (৫০) নামের ভ্যান চালককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় আতিকুর রহমান টিক্কার বিরুদ্ধে এই অভিযোগ।
এ ঘটনায় মঙ্গলবার (১২ সেপ্টম্বর) সকালে সাঘাটা থানা পুলিশ মজিবর রহমানের মরদেহ সুরুতহাল রিপোর্ট করে গাইবান্ধা মর্গে প্রেরণ করেছে। নিহত মজিবর রহমান মুক্তিনগর ইউনিয়নের কচুয়া পুটিমারি এলাকার বাসিন্দা।
নিহতের স্বজনরা জানায়, মজিবর রহমান একটি অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই মধ্যে শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) ভ্যান চালাতে গিয়ে সাঘাটার ধনারুহা এলাকায় একটি ছাগলের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ধনারুহা গ্রামের মৃত পিয়াস উদ্দিনের ছেলে ও ছাগল মালিক আতিকুর রহমান টিক্কা ক্ষুব্ধ হয়ে মজিবর রহমানকে কিলঘুসিসহ বেধরক মারধরে আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় মজিবর মারা যায়। এ ঘটনার খবর শুনে অভিযুক্ত আতিকুর রহমান টিক্কা ও তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে।
এ বিষয়ে মুক্তিনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পরিমল চন্দ্র বর্মন বলেন, মারপিটে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মজিবর রহমান মারা গেছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, কচুয়া পুটিমারি এলাকার মজিবর রহমান নামের এক ব্যক্তির মরদেহ সুরুতহাল রিপোর্ট করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 




















