দিনাজপুরের খানসামা উপজেলায় বোনের বাড়িতে যাওয়ার পথে রায়হান নামের এক যুবককে দেশীয় অস্ত্র দেখিয়ে নগদ টাকা, অ্যান্ড্রয়েড ফোন ও ১২৫ সিসি একটি ডিসকভার মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ছিনতাইয়ের ঘটনাটি গত ১৩ সেপ্টেম্বর বুধবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ভাবকি ইউনিয়নের রামনগর নামক এলাকায় ঘটেছে।
জানা গেছে, রায়হানের পিতা নছিরউদ্দিন গত ৬দিন ধরে তার মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। রায়হান তার পিতাকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বোনের বাড়িতে যাচ্ছিলেন। সে পথিমধ্যে রামনগর নামক এলাকায় পৌঁছলে ৩/৪ জন মুখে মাক্স পরিহিত অজ্ঞাত ব্যক্তি তাকে দেশিয় অস্ত্র দেখিয়ে আটক করে। এসময় ছিনতাইকারীরা তাকে ঘটনাস্থলের পাশে একটি বাঁশঝাড়েরর মধ্যে নিয়ে যায়। ছিনতাইকারীদের নিকট অনেক কাকুতি-মিনতি করে নিজের সর্বস্ব দিয়ে কোন রকমে রক্ষা পান রায়হান। তারপরেও ছিনতাইকারীরা তাকে হাত-পা বেঁধে বেদম মারপিট করে এবং মুখে টেপ লাগিয়ে ছেড়ে দেয় ছিনতাইকারীরা। রায়হানকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনার শিকার রায়হান নীলফামারী জেলার সদর উপজেলার বোতলাগাড়ি এলাকার নছিরউদ্দিনের ছেলে।
রায়হানের বড়ভাই জয়নাল জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার বোনের বাড়িতে যাওয়ার পথে খানসামা উপজেলার রামনগর এলাকায় ৩/৪ জন মুখে মাক্স পরিহিত অজ্ঞাতনামা ব্যক্তি আমার ভাইকে গাড়ি চলন্ত অবস্থায় আঘাত করে এবং তাকে মেরে ফেলার উদ্দেশ্য জঙ্গলে নিয়ে যায়। দুর্বৃত্তদের নিকট অনেক কাকুতি-মিনতি নিজের সর্বত্র দিয়ে কোনমতে নিজেকে রক্ষা করে। বর্তমানে সে মেডিকেলে ভর্তি আছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে তারা নেশার বোতল, পাইপ, সিরিঞ্জসহ ছিনতাইকারীদের কিছু আলামত পেয়েছেন। এ ঘটনায় তিনি গতকাল ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার খানসামা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
খানসামা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 




















