গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদক প্রতিরোধে অভিযান চলমান রেখেছেন পুলিশ। এরই ধারাবাহিকতায় মাসুদ রানা (২১) নামের এক মাদক কারবারিকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ধৃত মাসুদ রানাকে গাইবান্ধা বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ। তিনি উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গ্রামের মোজাম্মেল হক আকন্দ ও ফুলবানু বেগম দম্পতির ছেলে।
এর আগে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জসিম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় মাসুদ রানার বাড়ি থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা জানান, ধৃত মাসুদ রানার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন। এই ধানাধীন মাদক প্রতিরোধে এলাকাবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 





















