দিনাজপুরের বিরামপুরে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। নিহত যুবকের নাম ওয়াসীম আলী(৪০)। সে উপজেলার খানপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নে খোশলপুর গ্রামে সালিশের মধ্যে এ ঘটনা ঘটে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ওয়াসীমের চাচাতো ভাই দবিরুল ইসলাম জানান, ওয়াসীমের ছোট বোনকে খোশলপুর গ্রামের সেলিম রানা অকারণে মারপিট করেন। এ নিয়ে গ্রামে বিচার সালিশ ডাকা হয়। শুক্রবার রাত সাড়ে ৯টায় সালিশে অংশগ্রহণ করি আমরা। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে মুক্তিযোদ্ধা ফরমান আলীর ছেলেরাসহ বেশ কিছু লোকজনকে নিয়ে আমাদের ওপর আক্রমণ করেন। সে সময় ফরহাদ হোসেন ওয়াসীম আলীর বুকে ছুরিকাঘাত করেন। রক্তাক্ত অবস্থায় ওয়াসিম আলীকে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহামিদা আক্তার জানান, রাত সোয়া ১০টার দিকে তিনজন রোগী আসলে ওয়াসীম আলীকে মৃত ঘোষণা করা হয়। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান,এ বিষয়ে মৃতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সাতজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিএম মুছা, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 





















