দিনাজপুরের খানসামায় কবরস্থানের জায়গা দখল করে দোকানঘর নিমার্ণ ও কবর খননে বাঁধাদানের ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের শুশুলী ও দোয়ানী কাশিমনগর মৌজায় ব্রিটিশ রেকর্ডভুক্ত খাস খতিয়ানের জমিতে ওই এলাকার মুসলমান জনসাধারণের জন্য কবরস্থান হিসেবে রেকর্ডভুক্ত হয়। এরপর থেকে এই এলাকার লোকজন মৃত্যুবরণ করলে সেখানে কবরস্থ করতো। সেই কবরস্থানের জায়গা দখল করে একই এলাকার আব্দুল বাছেদ ও বাদশা দোকানঘর নিমার্ণ করে দখল করে নেয়। আব্দুল বাছেদ শুধু কবরস্থান দখল করেই ক্ষান্ত হননি। তিনি কবরস্থানের জায়গা দখল করে স্থানীয় জনৈক আলতাফ হোসেনের নিকট বিক্রি করেন। চলতি বছরের গত ৪ এপ্রিল শুশুলী গ্রামের শহিদুল ইসলাম নামে এক যুবক মৃত্যুবরণ করলে তাকে কবরস্থ করতে লোকজন ওই কবরস্থানে কবর খনন শুরু করলে দখলদাররা এতে বাঁধা প্রদান করে। দীর্ঘদিন হতে কবরস্থান হিসেবে ব্যবহৃত স্থানে যাতে এলাকার মুসলমানদের কবর দেয়া, কবর দেয়া বাঁধা প্রদান ও কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এজন্য তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কবরস্থানটি দখলদারদের নিকট থেকে দখলমুক্ত করতে ওই এলাকাবাসীর পক্ষে জিয়া ইসলাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। এতে কোন সুরাহা না হওয়ায় এলাকাবাসীর পরামর্শ ও সর্বসম্মতিক্রমে রফিকুল ইসলাম, গোলাপ হোসেন ও রশিদুল ইসলাম বাদী হয়ে দিনাজপুরের খানসামা সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং ৭৪/২০২৩।
বাদী পক্ষের আইনজীবী বীরমুক্তিযোদ্ধা অ্যাড. মীর মো. ইউসুফ আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 





















