গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৩ ইউনিয়নে মা ও শিশু নিয়ে কাজ করছে মমতা নামের একটি প্রকল্প। এটির ব্যবস্থাপনায় ৬৯৮ জন মা স্বাভাবিক ও নিরাপদভাবে সন্তান প্রসব করেছে।
সোমবার (২ অক্টোবর) বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের মমতা প্রকল্পের আয়োজনে সোনারায় ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত বউ-শাশুড়ির মেলায় এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।
ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলার এসসিএইচ এফপি মেডিকেল অফিসার ডা. মো. আতিকুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, শিক্ষক আবু তাহের আলম, জয়ন্ত সরকার, ইউপি সদস্য ফরিদা পারভিন, মমতা প্রকল্পের জেলা কো-অডিনেটর উম্মে কুলছুম ইলা, সেভ দ্যা চিলড্রেনের সেফ গাড়িং অফিসার অনিন্দিতা ঘোষ, উপজেলা কো-অর্ডিনেটর ফারজানা সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, সেভ দ্যা চিলড্রেন ও কোইকার অর্থায়নে এবং মমতা প্রকল্পের বাস্তবায়নে ২০২১ সালের জুন মাস হতে সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, সোনারায় ও বামনডাঙ্গা ইউনিয়নে মা ও শিশুর মৃত্যুর হার হ্রাস কল্পে কাজ করা হচ্ছে। স্থানীয় ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে নিরাপদ ও স্বাভাবিক সন্তান প্রসব এবং সন্তানের সেবা প্রদান কার্যক্রম চলেছে। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত ওই তিন ইউনিয়নে ৬৯৮ স্বাভাবিক সন্তান প্রসব হয়েছে।
আলোচনা শেষে মেলায় বউ ও শাশুড়ির মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 





















