হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ২০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। এ বছরে গাইবান্ধার ৭ টি উপজেলায় মোট ৬৩৯ মন্ডপে পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মন্ডপগুলোর মধ্যে- গাইবান্ধা সদর উপজেলায় ১০১টি, সাদুল্লাপুর উপজেলায় ১০৮টি, পলাশবাড়ী উপজেলায় ৬২টি, সুন্দরগঞ্জ উপজেলায় ১৪৭টি, গোবিন্দগঞ্জ উপজেলায় ১৩৭টি, ফুলছড়ি উপজেলায় ১৬টি ও সাঘাটা উপজেলায় ৬৮টি।
জেলায় শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পূজা মন্ডপে গ্রাম পুলিশসহ পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে এবং পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এলিট ফোর্স র্যাবও সড়কে টহল দেবে। এ নিয়ে প্রতিটি উপজেলায় প্রস্তুতি সভা করা হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি রনজিত বকশি সূর্য বলেন, পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে এবং ২৪ অক্টোবর খাল, পুকুর, নদীসহ বিভিন্ন জলাশয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে কঠোর নজরদারি রাখা হবে। আর যারা পূজার সময় নৈরাজ্য ও ঝামেলা সৃষ্টির সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, জেলায় শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের লক্ষ্যে সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের প্রতি ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উৎসব পালনের আহ্বান জানান তিনি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 





















