গাইবান্ধা শহরে বাঁধন প্রেসে চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় ৭০০ কেজি প্লেট উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে ২ জনকে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদর থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
গ্রেফতারকৃতরা হলেন- বাঁধন প্রেসের মেশিনম্যান ও দিনাজপুরের বিরামপুর উপজেলার জগন্নাথপুর বকুলতলা গ্রামের বাদশা মিয়ার ছেলে কাফিউজ্জামান রেজভী (২৮) ও একই উপজেলার কাজীপাড়া গ্রামের বাবলু হোসেনের ছেলে রাশেদ (২৩)।
সংবাদ সম্মেলনে বলা হয়, রেজভী ও রাশেদ চুরি করে ইজিবাইকে প্রেসের প্লেটগুলো রাশেদের বাড়িতে নিয়ে যায়। এ ঘটনার মামলা তদন্তে রেজভীকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাশেদকেও গ্রেফতার করা হয়। পরে রাশেদের বাড়ি থেকে পুরাতন ছাপানো ৭০০ কেজি প্রেসের প্লেট উদ্ধার করা হয়।
এর আগে, গত ২৫ সেপ্টেম্বর রাতে বাঁধন প্রেসে চুরির ঘটনা ঘটে। সেদিন রাতে সবশেষ কাজের দায়িত্বে ছিলেন ম্যাশিনম্যান রেজভী। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন বাঁধন প্রেসের মালিক এম.এম মাহবুবে সোবাহানী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হকসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 





















