হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে লালমনিরহাটে পালিত হলো বিশ্ব হাত দোয়া দিবস। বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’।
দিবসটি উপলক্ষে রোববার ( ১৫ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাট চার্চ অব গড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে জনস্বাস্থ্য প্রকৌশল লালমনিরহাটের আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের প্রাঙ্গনে এসে শেখ হয়।পরে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট চার্চ অব গড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদার রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর কবীর, লালমনিরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল আলীম গাজি, স্টিমিটর আজিজুল হাকিম আজিজ প্রমূখ। পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দিবসটির সূচনা ২০০৮ সাল থেকে। ওই বছর ১৫ অক্টোবর সুইডেনের স্টোকহোমে বিশ্ব পানি সপ্তাহে জিএইচপি বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এ দিবসটি পালন করা হয়। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিবসটি প্রতি বছর পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 





















