দিনাজপুরের চিরিরবন্দরে পূজামন্ডপের সরকারি অনুদান বরাদ্দের টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গত ১৮ অক্টোবর বুধবার উপজেলার কুতুবডাঙ্গা আদিবাসীপাড়া দূর্গাপূজা মন্ডপের সভাপতি লাল টুডুর নামে সরকারিভাবে ৫০০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়। সরকারি বরাদ্দের ডিও ওই মন্ডপের সাধারণ সম্পাদক গণেশ টুডু সভাপতিকে না জানিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের জনৈক কর্মচারীর যোগসাজশে উত্তোলন করে ডিওটি গোপনে বিক্রি করে টাকা আত্মসাত করার চেষ্টা করেন। বিষয়টি লোকমূখে জানাজানি হলে পূজামন্ডপের সভাপতি লাল টুডু গতকাল ১৯ অক্টোবর বৃহস্পতিবার অফিসে বিস্তারিত জানতে গেলে তার সাথে ওই কর্মচারী দূর্ব্যবহার ও চিৎকার চেঁচামেচি শুরু করেন। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রুনাল্ট চাকমা তাৎক্ষণিক উভয় পক্ষকে শান্ত হতে নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে পূজা মন্ডপের সভাপতি লাল টুডু জানান, তার নামের ডিও অন্য ব্যক্তি নিয়ে গিয়ে বিক্রি করে ফেলেছেন। কোন টাকা তিনি ও তার সমাজ পায়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের জনৈক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে ভূল স্বীকার করে বলেন, অভিযোগকারী স্যারের কাছে গেছেন। স্যার বিষয়টি সমাধান করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি মিটমাট করা হয়েছে। পূর্বের ডিও’র চাউল এলএসডি গোডাউন হতে উত্তোলন না হওয়ায় পূর্বের ডিও বাতিল করে নতুন ডিও তৈরি করে প্রকল্প সভাপতির স্বাক্ষরে ডিও প্রদান করা হয়েছে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 




















