গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোনা বাজারের আফিয়া টেলিকম এন্ড ইলেকট্রিক প্যালেস নামের একটি দোকানে দুধর্ষ চুরি হয়েছে। এ দোকানের টিনের চালা কেটে চুরির ঘটনায় ৮টি মোবাইল ফোন জব্দসহ এ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার সোনাতলা উপজেলার সুজাইতপুর গ্রামের মৃত বাবুল্লার ছেলে রাসেল মিয়া পাভেল (২৩), দক্ষিণ আটকরিয়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে আব্দুর রহমান (২২) ও গবাড়পাড়া গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে আব্দুল্লাহ আল ইমান (১৯)।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ১৮ অক্টোবর রাত প্রায় ১০ টার পর থেকে ১৯ অক্টোবর সকাল ৮ টা ৪০ মিনিটের মধ্যে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা বাজারের আফিয়া টেলিকম এন্ড ইলেকট্রিক প্যালেস দোকান ঘরের চালার টিন কেটে চুরি হয়। এসময় ১২টি মোবাইল ফোন ও নগদ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চোরের দল। পরে এ ঘটনার শিকার ছিলমানেরপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আপেল মাহামুদ পলাশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গাইবান্ধা জেলা পুলিশের বি-সার্কেলের সার্বিক তদারকি ও পুলিশ হেড কোয়াটার্সের সহযোগিতায় রোববার (২২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় বগুড়ার সোনাতলা থানাধীন বালুয়াহাট বাজার থেকে চোর দলের ৩ সদস্যকে আটক করাসহ ৮টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, থানার ওসি মাসুদ রানা ও রাকিব হোসেন প্রমুখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















