রংপুরের তারাগঞ্জে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির উদ্যোগে সনাতন ধর্মালম্বী পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে তারাগঞ্জ থানা চত্বরে পুনাকের সভানেত্রী সোনীয়া আকতারের নির্দেশনায় প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, এক কেজি আতপ চাল, এক কেজি আটা, এক কেজি চিনি, এক কেজি বুটের ডাল, সয়াবিন তেল এক লিটার, গুড়া দুধ ও নারিকেল দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোক্তা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী সোনীয়া আকতার রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর পত্নী।
এ সময় তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ মিঞা ও তাঁর পত্নী রেবেকা সুলতানা, পুলিশ পরির্দশক জহিরুল ইসলাম ও তাঁর পত্নী নিশরাত ইসলাম মিশু, তারাগঞ্জ পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী পাওয়া মিনতি রানী বলেন, গরিব মানুষ পুজাত ভাল মন্দ খাবার টাকা হামার নাই। পুলিশ হামাক ডাকে আনি চাল, তেল, ডাল দেইল। মহিলা পুলিশের সমিতি থাকি নাকি এগলা হামরা পাইনো। ভগবানের কাছে মঙ্গল কামনা করি যারা হামাক আইজ খাবার দেইল ভগবান তাঁর যেন ভাল করে।
থানা চত্বরে খাদ্য সামগ্রী পাওয়া আরেক বৃদ্ধ মুনিম চন্দ্র বলেন, পুলিশ ডাকে আনি চাউল, তেল, চিনি দেইল। জীবনে প্রথম পুলিশের সাহায্য পানু। কোনো দিন ভুলিম না। পুজাত বউ ছাওয়া নিয়া এগলা রান্না করি খাইম। ভগবানের কাছোত মঙ্গল কামনা করিম।
তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ মিঞা জাগো২৪.নেট-কে বলেন, পুলিশ নারী কল্যাণ সমিতির রংপুরের সভানেত্রীর উদ্যোগে তারাগঞ্জর কিছু দুস্থ সনাতন ধর্মালম্বীরা শারদীয় দূর্গা পুজা উপলক্ষ্যে খাদ্য সামগ্রী উপহার পেল। যে কোনো সমস্যায় পুলিশ মানুষের পাশে আছে। মানুষকে সেবা দেওয়াই আমাদের ব্রত।
জুয়েল ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট, রংপুর 



















