গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এনা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থেকে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৯১ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এসময় মাদক কারবারি নয়ন মিয়াকে (৩৩) গ্রেফতার করা হয়।
বুধবার (২৫ অক্টোবর) দেড়টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামনি মোড় সামনে ওই বাসটি থেকে এসব মাদকসহ নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়।
নয়ন মিয়া পলাশবাড়ী উপজেলার শিমুলিয়া গ্রামের সৈয়দ আলী ছইয়ব ও নুরানী বেগম দম্পতির ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভূরুঙ্গামারী-ঢাকাগামী এনা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে থাকা নয়ন মিয়ার কাছ থেকে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৯১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ জাগো২৪.নেট-কে বলেন গ্রেফতারকৃত নয়ন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















