লালমনিরহাটে হত্যার চার মাস পর আশরাফুল আলম (১৯) নামে এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে র্যাব- ১৩। নিহত আশরাফুল আলম কুলাঘাট ইউনিয়নের চর খাটামারী এলাকার ইয়াকুব আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা এলাকার মকলেছুর রহমান মাস্টারের বাড়ির একটি কক্ষের মাটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
র্যাব-১৩ অধিনায়ক আরাফাত ইসলাম জানান, গত ২৫ জুন সকালে ইয়াকুব আলীর ছেলে অটোচালক আশরাফুল আলম প্রতিদিনের মতো অটো নিয়ে বাড়ি হতে বের হয় দিন পেরিয়ে গেলেও ফিরে না আসলে তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজাখুজি শুরু করে। তাদের সকল গন্তব্য স্থানে খোজাখুজি করে সন্ধান না পেয়ে গত ২৬/৬/২৩ ইং তারিখে আশরাফুল আলম হারিয়েছে মর্মে লালমনিরহাট সদর থানায় অভিযোগ দায়ের করে নিখোঁজের বাবা ইয়াকুব আলী। এরই ধারাবাহিকতায় তাকে খুঁজতে লালমনিরহাট পুলিশ ও র্যাবের একটি টিম যৌথভাবে কাজ করে। পরে দীর্ঘ চার মাস পর তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহজনকভাবে মনির হোসেন নামে একজনকে বুধবার রাতে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞেসাবাদে সে আশরাফুল আলম হত্যার সাথে জড়িতর কথা স্বীকার করে।
পরে তার দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার বিকেলে কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা এলাকার মকলেছুর রহমান মাস্টারের বাড়ির একটি কক্ষের মাটির নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় আশরাফুল আলমের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ ও র্যাব-১৩।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জাগো২৪.নেট-কে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















