স্মার্ট যুব, সম্মৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (১ নভেম্বর) সকাল ১০টায় যুব ভবন হল রুমে, লালমনিরহাট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর সহযোগিতায় ঋণের চেক ও সনদ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
প্রধান অতিথি বলেন, সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা অপরিসীম। আমাদের যুবসমাজকে পরিপূর্ণ দক্ষ, আধুনিক ও সচেতনরূপে গড়ে তোলার লক্ষ্যে সরকার দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছে। তিনি আরও বলেন ‘তাদের অনেকেই আজ সফল আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। এদেশের প্রশিক্ষিত যুবরা বিদেশেও কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে। পাশাপাশি দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করছে।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। তিনি বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই অগ্রযাত্রায় কাণ্ডারি হবে দেশের যুবসমাজ। যুবকরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যাবে। যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেয়। সময়ের সঙ্গে প্রশিক্ষণে প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিংয়ের মতো আধুনিক বিষয় যুক্ত হয়েছে। সেই আধুনিকতার হাত ধরে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন যুবকরা। তাই বাংলাদেশের জন্য দিবসটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
আলোচনা সভা শেষে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 

















