দিনাজপুরের চিরিরবন্দরে বাড়ির পাশে পুকুরপাড় হতে রাজমিস্ত্রী খাইরুল ইসলাম (২৬) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার সময় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের উত্তর তেঁতুলিয়া গ্রামের দবিরপাড়ার রিকশাভ্যান চালক বাবলু হোসেনের ছেলে রাজমিস্ত্রী খাইরুল ইসলামের (২৬) লাশ পুকুরপাড়ে পড়ে থাকতে দেখতে পান। এসময় স্থানীয় লোকজন থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত খায়রুল ইসলামের মাতা খতেজা বেগম জানান, গত ৫ জানুয়ারি শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় সে উপজেলার ভূষিরবন্দর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে রাতে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে লোকজন বাড়ির পাশে পুকুরের ধারে তার লাশ দেখতে পান।
থানার এস আই জাহাঙ্গীর বাদশা রনী জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ডান নাক, ডান কানের লতিতে ও গোপনাঙ্গে ধারালো অস্ত্রের মাধ্যমে আঘাতের চিহ্ন রয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। গত ৫ জানুয়ারি শুক্রবার দিবাগত রাতের কোন একসময় মরদেহটি ঘটনাস্থলে ফেলে দেয়া হতে পারে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে পরকিয়ার জেরে হত্যা করা হতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট ও অধিকতর তদন্ত করে রহস্য উদঘাটন করে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















