গাইবান্ধায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে গাইবান্ধা পৌর পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এসময় গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল করিম, জেলা প্রশাসন, পুলিশ সুপার জসীম উদ্দিন, জেলা পরিষদ, জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলসহ সকল সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে সুর্যদযের সাথে সাথেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্যগণ শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা রেখে সকল সরকারি, বেসরকারি আধা-সরকারী, ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পতাকা অর্ধনিমিত রাখা হয়।
এরপর শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে মহান ভাষার আন্দোলনে অমর শহিদদের স্মতির উদ্দেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন রফিকুজ্জামান, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ অনেকে। সঞ্চালনায় ছিলেন শিরিন আক্তার।
এসময় বক্তারা- গাইবান্ধা জেলার ভাষা আন্দোলনের বিভিন্ন ঘটনাপ্রবাহ, ইতিহাস ও ভাষাসৈনিকদের জীবনী তুলে ধরেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া স্কুল-কলেজের বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এদিকে, অনুরূপ কর্মসূচি গাইবান্ধার সাদুল্লাপুর, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় পালিত হয়েছে। উভয় স্থানে শহিদদের রুহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















