দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় সুবল মার্ডি নামে এক আদিবাসী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনাটি বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে রেলব্রিজের সন্নিকটে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের চাপইল মাহাদানি এলাকার বৃদ্ধ সুবল মার্ডি (৭৫) রেল লাইনের উপর দিয়ে হাটতে ছিলেন। এসময় দিনাজপুর থেকে রংপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে যান এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই রায়হান আলী জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। রেল লাইনের ধারেই তার বাড়ি। স্থানীয়রা আরও জানান, ওই বৃদ্ধ কানে কম শুনতে পেতেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















