“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে লালমনিরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে শহরের মিশন মোড় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়।
পরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জে আর সারওয়ার, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন, জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম বসুনিয়া ও বিআরটিএ লালমনিরহাটের সহকারী পরিচালক ফয়সাল হাসান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু আইন প্রয়োগ করলেই চলবে না। চালক, পথচারী ও যাত্রীদের মাঝে সচেতনতা বাড়াতে হবে। ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার মাধ্যমে একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে লালমনিরহাট জেলার নির্বাচিত চারজন দক্ষ চালককে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক সমিতির সদস্য ও বিআরটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 

















