বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া বলেছেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের পর ছাত্র-জনতার চূড়ান্ত গণঅভ্যুল্থানের মধ্যদিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ছাত্র-জনতার তুমুল প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার সহযোগীদের নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন। এখন সেখানে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল এবং দেশের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র করছেন। জুলাই বিপ্লবে ছাত্র-জনতা তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। এসব শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। শহীদদের রক্তের শপথ নিয়ে দেশকে ফ্যাসিবাদের দোসরমুক্ত করার শপথ নিতে হবে। ছাত্র-জনতাকেই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার সকল ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে। উন্নয়নের নামে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশে লুটপাট চালিয়েছে। এখন আওয়ামী লীগের নেতাদের দুর্নীতির ফিরিস্তি বের হয়ে আসছে। তারা নামে বেনামে দেশের টাকা বিদেশে পাচার করেছেন।
শুক্রবার বাদ মাগরিব চিরিরবন্দর উপজেলার ১নং নশরতপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত দরগাহপাড়ের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের জনগণের কন্ঠরোধ ও ভোটাধিকার হরণ করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিলেন। এখন আমরা মুক্তি পেয়েছি এবং কথা বলার সুযোগ পেয়েছি। দেশের মানুষ শান্তি চায়। আমাদের এখন ঐক্যের প্রয়োজন। আমরা চাই আগামীতে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক।
জনসভায় নশরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং আফজালুর রহমান মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জেলা পরিষদের সাবেক সদস্য মো. নূর-এ-আলম সিদ্দিকী নয়ন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আ ন ম হাবিবুল্লাহ, জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম তুহিন, চিরিরবন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম (মমিন), উপজেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর আলম সরকার দুলু, উপজেলা বিএনপির সদস্য আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েনউদ্দিন শাহ, সহযোগী অধ্যাপক মেজবাউল ইসলাম, মো. আব্দুল মতিন প্রমূখ বক্তব্য রাখেন। জনসভায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।
মো. রফিকুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















