গাইবান্ধার সুন্দরগঞ্জে ক্রয়কৃত জমির দখল না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন মো. মহাব্বত আলী নামের এক ব্যক্তি।
ভুক্তভোগী মহব্বত উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামের মৃত কেতাব উদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, মহাব্বত আলী ২০২০ সালের গত ১২ ফেব্রুয়ারি ২১৫৭ নং কবলা দলিলের মাধ্যমে একই গ্রামের শ্রী অসিত বরণ সরকারের নিকট থেকে বেলকা বাজার এলাকায় ১ শতাংশ জমি ক্রয় করেন। জমির দলিল ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও এখন পর্যন্ত জমির দখল বুঝিয়ে দেওয়া হয়নি। একাধিকবার যোগাযোগের পরও বিক্রেতা অসিত বরণ সরকার নানা অজুহাতে তাকে জমির দখল বুঝিয়ে দিচ্ছেন না। এতে তিনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, জমির অবস্থান সুন্দরগঞ্জ উপজেলার বেলকা মৌজায়, জেএল নং ৫১, সিএস খতিয়ান নং ৬২১/১, এসএ খতিয়ান নং ৭৬৭, ডিপি খতিয়ান নং ২২৩৫, সাবেক দাগ নং ৯৩২২, নতুন দাগ নং ১২১৫৫ এর আওতায়। ৪৪ শতক জমির মধ্যে মহাব্বত আলী ১ শতাংশ জমি ক্রয় করেছেন, যা দোকান শ্রেণিভুক্ত জমি।
ভুক্তভোগী মহাব্বত আলী উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদনের মাধ্যমে জমির বৈধ দখল বুঝিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আকুল আবেদন জানিয়েছেন। তিনি জানান, তদন্তকালে প্রয়োজনীয় দলিলাদি উপস্থাপন করে তিনি তার দাবি প্রমাণ করবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস বলেন, একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য এসিল্যান্ডকে নির্দেশ দিয়েছি।
জাহিদ. স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















