‘ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি’ স্লোগান নিয়ে দিনাজপুরের খানসামায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের জন্য খেলোয়াড় বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের বাছাইকৃত ৩০জন প্রতিভাবান খেলোয়াড়কে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।
মঙ্গলবার উপজেলার খানসামা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২দিনব্যাপি খেলোয়াড় যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ক্রীড়া সংস্থার সভাপতি মো. কামরুজ্জামান সরকার সভাপতিত্ব করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ক্রীড়া সংস্থার সভাপতি মো. কামরুজ্জামান সরকার বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। মাদকসহ অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের ভবিষ্যত সুযোগ সৃষ্টি করা হবে। সেই সঙ্গে এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে। আয়োজকেরা জানান, প্রশিক্ষণ শেষে বাছাইকৃত মেধাবী খেলোয়াড়দের জেলা ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সুযোগ করে দেয়া হবে বলে।
এসময় অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, প্রশিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরিবন্দর (দিনাজপুর) 















