গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে ১১৯ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। এর দায়ে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাবুল ইসলাম সাবুকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৬ মে) দুপুর ২ টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে অবস্থিত একটি গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাবুল ইসলাম সাবু সরকারি চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তার গুদামে মজুত করে রাখেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।
এসময় অভিযান চালিয়ে ১১৯ বস্তা চাল এবং সরকারি খাদ্য গুদামের বেশকিছু খালি বস্তা জব্দ করেন তারা। অভিযানের সময় অবৈধভাবে চাল কেনা ও মজুদ করার দায়ে গুদাম মালিক শাহাবুল ইসলাম সাবুকে গ্রেফতার করা হয়। জব্দকৃত চাল বর্তমানে উপজেলা সরকারি খাদ্য গুদামে রাখা হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত চালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















