প্লাস্টিক নয়, প্রকৃতির জয় এবং আজ একটি গাছ, আগামীর আশ্বাস– এ শ্লোগানে বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে মিশন গ্রিন বাংলাদেশ ও স্বপ্নচূড়া ফাউন্ডেশন নামের দুই সংগঠন।
বৃহস্পতিবার (৪ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একদিনে দেশের ৬৪ জেলায় পালিত হলো বৃহৎ পরিসরের পরিবেশ সচেতনতামূলক এই কর্মসূচী।
গাইবান্ধা জেলার আয়োজিত অনুষ্ঠানে স্বপ্নচূড়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা পরিচালক আবু তাহেরের সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সৈয়দ হাসানুল ইসলাম রিপন, আবু রায়হান রাসেদ, রায়হান হোসাইন, শরিফ শুভ, ইমতিয়াজ আহমেদ, আবু হোসেন, শরিফ সহ স্বপ্নচূড়া ফাউন্ডেশন সদস্যরা।
এ কর্মসূচিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশে ও জনসমাগম স্থানে বৃক্ষরোপণ করা হয়। একইসেঙ্গে প্রতিটি স্থানে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
এতে ছাত্র-ছাত্রী, শিক্ষক, স্থানীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকসহ নানা পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উদ্যোগকারীরা জানান, এই কার্যক্রম একদিনের জন্য নয়—সারা বছরজুড়ে পরিবেশ রক্ষার জন্য সচেতনতামূলক পদক্ষেপ অব্যাহত থাকবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুরসহ ৬৪টি জেলায় গাছের চারা রোপণ করা হয়। প্রতিটি জেলায় স্থানীয় সংগঠন ও স্কুল-কলেজভিত্তিক কর্মসূচীর মধ্য দিয়ে শিশু ও তরুণদের পরিবেশ বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
এই আয়োজনের মাধ্যমে আয়োজকরা পরিবেশ সংরক্ষণের প্রতি জাতীয় পর্যায়ে ব্যাপক গণসচেতনতা তৈরির আশা প্রকাশ করেন। তারা বলেন পরিবেশ রক্ষায় এটি আমাদের প্রাথমিক পদক্ষেপ। আগামীতেও আমরা সারা দেশে ধারাবাহিকভাবে কাজ করে যাবো।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















