বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে লিচুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ট্রাকের ড্রাইভার গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার(১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর বেলডাঙ্গা নামক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ (২৩) বগুড়া জেলার শাহজাদপুর উপজেলার মন্ডলপাড়া গ্রামের রাসেল মন্ডলের ছেলে।
আহত ব্যক্তি একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে মুমিন (৩৮)।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিকেলের সাড়ে ৪টার সময় ট্রাকভর্তি লিচু নিয়ে ঢাকায় যাচ্ছিল। একই সময় আসাদ পরিবহন নামের একটি বাস যাত্রী নিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে টাটকপুর বেলডাঙ্গা মোড়ে দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও হেলপার চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
তাদেরকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাহাজুল ইসলাম বলেন,নিহত ব্যক্তি হাসপাতালে আসার আগেই মারা গেছেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় আব্দুল হামিদ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 















