গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন হত্যার ঘটনায় মামলা হয়। এ মামলার প্রধান আসামি সুমন মিয়ার পুকুর থেকে ছয়টি দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে সুমন মিয়ার ভাবি এবং নীল মিয়ার স্ত্রী স্বপ্না বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১০ জুন) বিকেলের দিকে উপজেলার রামভদ্র খানাবাড়ি গ্রামের ওই আসামির পুকুর থেকে এসব অস্ত্র জব্দসহ স্বপ্নাকে গ্রেফতার করা হয়।
এর আগে শুক্রবার (৬ জুন) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামের মৃত আবদুল ব্যাপারীর ছেলে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেনের উপর আতর্কিত হামলা করেছে সুমন মিয়া গংরা। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৭ জুন) বিকেলে ইলিয়াস হোসেন মারা যায়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম বলেন, ইলিয়াস হোসেন নামের এক ব্যক্তি হত্যার ঘটনায় থানায় একটি মামলা হয়। এ মামলার অন্যতম আসামি সুমন মিয়ার পুকুর থেকে ছয়টি ধারালো অস্ত্র জব্দসহ তার ভাবী স্বপ্না বেগমকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আরও এক আসাসিকে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















