দিনাজপুরের খানসামা উপজেলায় চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে একই এলাকার কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। গত ১২ জুন বৃহস্পতিবার বিকালে উপজেলার খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. শাহিনুল ইসলাম শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শাহিনুল ইসলাম ক্রয়সূত্রে মালিকানাধীন একটি জমি দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করে আসছেন। কিন্তু হঠাৎ একই এলাকার মো. গোফ্ফার, আব্দুস সালাম, রশিদুল ইসলাম ও ওসমান আলী ওই রাস্তার সামনের অংশে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন। এতে করে শাহিনুল ইসলামের পরিবারসহ অন্তত আরও তিন-চারটি পরিবারের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। তিনি অভিযোগ করেন, রাস্তা খুলে দেয়ার জন্য অনুরোধ করা হলেও অভিযুক্তরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে। অবশেষে নিরুপায় হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
অন্যদিকে, অভিযুক্ত মো. গোফ্ফার বলেন, আমার চাচা আমজাদ হোসেনের মৃত্যুর পর তার স্ত্রী আমাদের না জানিয়ে জমি দলিল করে দেন। বিষয়টি জানতে পেরে আমরা দলিলের উপর টাকা জমা দিই। শাহিনুল আমাদের বাড়ির চারপাশে বেড়া দিয়ে আমাদের চলাচলে সমস্যা করছে। একপর্যায়ে আমাকে মারধরও করে। এরই প্রতিবাদে আমরা ওই রাস্তা বন্ধ করে দেই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার নিরসনে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















