জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাইবান্ধা পৌরসভা চত্বরে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের নেতৃত্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দীনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এছাড়াও জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দফর, গাইবান্ধা পৌরসভা, জেলা পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ পৃথকভাবে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে গাইবান্ধা জেলাজুড়ে আলোচনা সভা, স্মৃতিচারণ, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী, র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং শহীদদের স্মরণে বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















